ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপসের পথ খোলা রাখবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী অবস্থান এবং কথাবার্তার অসঙ্গতি নিয়েও কড়া সমালোচনা করেন তিনি।
চতুর্থ দফা ইরান-মার্কিন পরোক্ষ বৈঠকের আগে ওমানের উদ্দেশে রওনা হওয়ার সময় আরাগচি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও আলোচনা বা আপসের প্রশ্নই ওঠে না। তিনি জানান, ইরান তার নীতিগত অবস্থান থেকে একচুলও সরে আসবে না।
রোববার (১১ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।
তেহরানে সাংবাদিকদের আরাগচি বলেন, আমার সাম্প্রতিক সৌদি আরব ও কাতার সফরের পর আমরা এখন ওমান যাচ্ছি। আজ সকালেও তেহরানে অতিরিক্ত কিছু আলোচনা হয়েছে। আমরা আশাবাদী, এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছাতে পারব।
তবে মার্কিন পক্ষের দ্বৈত বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দুঃখজনকভাবে আমরা প্রতিপক্ষের পক্ষ থেকে অনেক পরস্পরবিরোধী বক্তব্য শুনছি। তাদের সাক্ষাৎকার, অবস্থান ও কথাবার্তায় মিল নেই। আলোচনার টেবিলে একরকম কথা বলছে, বাইরে এসে আরেকরকম — এটাই মূল সমস্যাগুলোর একটি।
আরাগচি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান বরাবরই স্পষ্ট ও নীতিগত। আমরা সবসময় একটি নির্দিষ্ট পথে চলেছি এবং আমাদের বার্তা সুনির্দিষ্ট ও পরিষ্কার।
পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি শক্তিশালী আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তাই থাকবে। এটি ইরানি জনগণের অধিকার — এবং এই অধিকার নিয়ে কোনও আলোচনা কিংবা আপস হবে না।
স্টাফ রিপোর্টার 

























