নতুন বছরের শুরু থেকে গাজা উপত্যকা এবং পশ্চিমতীরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে ১৩ ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারী নিহত হয়েছেন।
রোববার টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, গত ৬ জানুয়ারি পশ্চিম তীরে সংঘর্ষে তিন ইসরায়েলি নিহত হন। বাকি ১১ জন বিভিন্ন অভিযানে গাজার উত্তর-পূর্বের বেইত হানুনে নিহত হন। ওইদিন বেইত হানুনে সংঘর্ষে দুই ইসরায়েলি নিহত হন। ৭ জানুয়ারি গাজার ওই এলাকায় এক ইসরায়েলি সৈন্য নিহত হন এবং ৮ জানুয়ারি নিহত হন তিনজন। সর্বশেষ ১১ জানুয়ারি বেইত হানুনে সংঘর্ষে চার ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও ৬ জন আহত হন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা এখন ৪০২-এ পৌঁছেছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নতুন কেন্দ্রবিন্দু এখন উত্তর প্রান্ত। যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরও তীব্র করেছে। জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার পর ইসরায়েলি সেনারা বর্তমানে বেইত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে।
হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অব্যাহত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৭ হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ১০ হাজার আহত হয়েছেন।
তবে মেডিকেল জার্নাল ল্যানসেটের গবেষণা বলছে, গাজায় নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। প্রকৃত সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত ৪০ শতাংশ বেশি।
ইসরায়েল বলছে, তারা নভেম্বর পর্যন্ত প্রায় ১৮ হাজার হামাস যোদ্ধা এবং ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে আরও এক হাজার যোদ্ধাকে হত্যা করেছে।
স্টাফ রিপোর্টার 

























