শীতের তাপমাত্রা কমে যাওয়া ও ঠান্ডা আবহাওয়া হৃদরোগীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। চিকিৎসকদের মতে, শীতকালে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঘটনা অন্যান্য সময়ের তুলনায় বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞরা জানান, শীতের সময় শরীর তাপমাত্রা ধরে রাখতে স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। এতে রক্তচাপ বেড়ে যায় এবং হৃদপিণ্ডকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হয়। একই সঙ্গে রক্ত অপেক্ষাকৃত ঘন হয়ে পড়ে এবং প্লেটলেট বেশি আঠালো হয়ে ওঠে, যা রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়। এই জমাটই অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
এছাড়া শীতকালে সূর্যালোক কম পাওয়া এবং এর ফলে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতিও হৃদরোগের ঝুঁকি বাড়ায় বলে উল্লেখ করেন চিকিৎসকরা। ভোর বা সন্ধ্যায় ঠান্ডা বাতাসে হাঁটা, অতিরিক্ত পরিশ্রম এবং ভারী কাজ হৃদপিণ্ডের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শীতকালে হৃদরোগের ঝুঁকি কমাতে—
পরিমিত ব্যায়াম করা
শরীর উষ্ণ রাখা
ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা
বিশেষজ্ঞরা বলেন, শীতের সময় বিশেষ করে যাদের হৃদরোগের ইতিহাস রয়েছে বা ঝুঁকি বেশি, তাদের অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।
স্টাফ রিপোর্টার 






















