ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্য এখন সবচেয়ে বড় ঝুঁকি। অনেক সময় গুগলে নিজের নাম সার্চ করলেই দেখা যায়— মোবাইল নম্বর, ই-মেইল, এমনকি জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর পর্যন্ত ভেসে উঠছে সার্চ রেজাল্টে। ভাবুন তো, এই সংবেদনশীল তথ্যগুলো যদি কোনো প্রতারকের হাতে পড়ে? অনলাইন প্রতারণা ও পরিচয়চুরির বড় উৎস হয়ে উঠেছে এই তথ্য ফাঁস।
তবে এবার গুগল দিয়েছে স্বস্তির খবর। প্রযুক্তি জায়ান্টটি চালু করেছে ‘Results About You’ নামের এক বিশেষ টুল, যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজের ব্যক্তিগত তথ্য নিজের হাতেই গুগল সার্চ থেকে মুছে ফেলতে পারবেন।
যেভাবে মুছে ফেলবেন নিজের তথ্য
গুগল জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং ব্যবহারবান্ধব।
১. প্রথমে যান: https://myactivity.google.com/results-about-you
২. এরপর নিজের গুগল অ্যাকাউন্টে লগইন করুন।
৩. সেখানে আপনার মোবাইল নম্বর, ই-মেইল ও ঠিকানা যোগ করুন।
৪. গুগল এরপর আপনাকে নোটিফিকেশন পাঠাবে, যেখানে আপনার তথ্য মুছে ফেলার আবেদন করার বিকল্প থাকবে।
কোন তথ্য মুছে ফেলা যাবে?
এই টুলের মাধ্যমে নিচের ধরনের ব্যক্তিগত তথ্য সরানোর আবেদন করা যাবে—
মোবাইল নম্বর
ই-মেইল ঠিকানা
বাসার ঠিকানা
জাতীয় পরিচয়পত্র নম্বর (NID)
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
পাসওয়ার্ড বা লগইন তথ্য
ব্যক্তিগত স্বাক্ষর
মেডিকেল রেকর্ড
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, গুগলের এই উদ্যোগ অনলাইন তথ্য সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ। তবে সতর্কবার্তা একটাই— একবার কোনো তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা পুরোপুরি মুছে ফেলা সবসময় সহজ নয়। তাই তথ্য ব্যবহারে সচেতন থাকা এবং নিয়মিত নিজের ডিজিটাল উপস্থিতি পরীক্ষা করাই সবচেয়ে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা।
নিজের নাম, নম্বর বা ঠিকানা অনলাইনে কোথায় যাচ্ছে তা এখন আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন। গুগল হাতে তুলে দিয়েছে সেই শক্তিশালী হাতিয়ার— এবার দায়িত্ব আপনার, নিজের গোপনীয়তা নিজেই রক্ষা করুন।
স্টাফ রিপোর্টার 

























